রাজনীতি

শাহবাগ-ইন্টারকন্টিনেন্টাল এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা

আপডেট: ফেব ০৭, ২০২৬ : ০৫:২৭ এএম ১২
শাহবাগ-ইন্টারকন্টিনেন্টাল এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা

গতকাল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পর আজ সকাল থেকে রাজধানীর শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। অতিরিক্ত পুলিশ মোতায়েনের কারণে এলাকাটিতে তুলনামূলকভাবে নীরবতা বিরাজ করছে। সাধারণ দিনের তুলনায় কম দেখা গেছে যানবাহন ও পথচারীর উপস্থিতি।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, এসব এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অতিরিক্ত সংখ্যক সদস্য মোতায়েন করেছে। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন স্থানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে জলকামান। তবে শাহবাগ, কাকরাইল কিংবা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কোনো ব্যারিকেড বসানো হয়নি।

এদিন সকাল থেকেই শাহবাগ এলাকায় যান চলাচল অন্যান্য দিনের তুলনায় কম ছিল। পথচারীর সংখ্যাও চোখে পড়ার মতো কম দেখা গেছে।

বাংলামোটরের দিকে যাওয়া পথচারী আব্দুর রাজ্জাক বলেন, ‘গতকাল এই এলাকায় সংঘর্ষ হয়েছে, তাই রাস্তায় চলাচলে ভয় লাগছে। এই রাস্তা এড়াতে গেলে অনেক ঘুরতে হয়, তাই ঝুঁকি নিয়েই শাহবাগ দিয়ে যেতে হচ্ছে।’

এর আগে শুক্রবার জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত দাবিতে যমুনা অভিমুখে কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

পুলিশের পক্ষ থেকে প্রথমে জলকামান ব্যবহার করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করা হয়। এ সময় বিক্ষোভকারীদের দিক থেকেও ইটপাটকেল ও বোতল নিক্ষেপ করা হয়। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ একাধিক ব্যক্তি আহত হন।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা ঘেরাওয়ের চেষ্টা করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয় পুলিশ।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ শতাধিক আন্দোলনকারী আহত হওয়ার দাবির প্রেক্ষিতে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান। একই ঘটনায় নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টিও।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!