রাজনীতি

আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা ন্যক্কারজনক: জামায়াত

আপডেট: ফেব ০৭, ২০২৬ : ০৫:৩৩ এএম ১৩
আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা ন্যক্কারজনক: জামায়াত

গণতান্ত্রিক আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ মন্তব্য করেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ অন্যদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ এবং পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমেদ খান। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তিনি বিশেষভাবে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এবং রাকসুর সাবেক জিএস আম্মার আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে জামায়াতের এই নেতা বলেন, দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!