বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর ইচ্ছা ও সাহায্যে যদি নির্বাচনের মাধ্যমে জনগণের সেবা করার সুযোগ পাওয়া যায়, তবে ফরিদপুর নামেই হবে বিভাগ এবং সেই সঙ্গে সিটি কর্পোরেশনও থাকবে।
শুক্রবার রাতে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “নদীগুলোকে হত্যা করে মরুভূমি বানানো হয়েছে, সেই নদীর জীবন ফিরিয়ে দিতে চাই। ফরিদপুর মেডিকেল কলেজ থাকলেও পূর্ণাঙ্গ সেবা নেই। ফরিদপুরে পাট উৎপাদন হলেও পাটকলগুলো বন্ধ হয়ে গেছে। যুবকদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিতে চাই। তাই মিল, ইন্ডাস্ট্রি বন্ধ নয়, সচল করতে চাই। যেখানে কৃষিপণ্য বেশি উৎপাদন হয়, সেখানে কৃষিভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না, জামায়াত ইসলামের বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই। যে বাংলাদেশে ১৮ কোটি মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, সেই বাংলাদেশ গড়তে চাই।”
ফরিদপুর জেলা জামায়াত আমির মাওলানা মো. বদরউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে ফরিদপুর-১ আসনের প্রার্থী ড. মো. ইলিয়াচ আলি মোল্লা, ফরিদপুর-২ আসনের মাওলানা শাহ আকরাম আলি, ফরিদপুর-৩ আসনের প্রফেসর আবদুত তাওয়াব, ফরিদপুর-৪ আসনের মাওলানা মো. সরোয়ার হোসেন, রাজবাড়ী-১ আসনের অ্যাডভোকেট নুরুল ইসলাম, রাজবাড়ি-২ আসনের জামিল হিজাযী, মাদারীপুর-৩ আসনের রফিকুল ইসলামসহ অন্যান্য মার্কার প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!