১১ দলীয় জোটের শরীক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অবসরপ্রাপ্ত) ড. অলি আহমেদ বীর বিক্রম দাবি করেছেন, তিনিই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকে কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সমর্থনে আয়োজিত জোটের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
কর্নেল অলি বলেন, “আমাদের মধ্যে তৎকালীন সিনিয়র ছিলেন মেজর মীর শওকত (পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল)। তাঁর লেখাতেই উল্লেখ আছে যে এই অফিসার—অলি আহমেদ—জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলেন। আমি যদি তাঁকে দেওয়ান হাট থেকে সরিয়ে না আনতাম, পাঁচ মিনিটের মধ্যেই তাঁকে হত্যা করে কর্ণফুলী নদীতে ভাসিয়ে দেওয়া হতো।”
মুক্তিযুদ্ধের সময় প্রথম বিদ্রোহের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এটা আমার জীবনের শেষ যুদ্ধ। প্রথম যুদ্ধ করেছিলাম আপনাদের স্বাধীন করার জন্য, ক্যাপ্টেন অলি আহমেদ হিসেবে। প্রথম বিদ্রোহ আমিই করেছিলাম—আমার আগে কেউ বিদ্রোহ করতে পারেনি।”
তিনি আরও দাবি করেন, তাঁর কাছে এ বিষয়ে লিখিত ডকুমেন্ট রয়েছে। “আমি গবেষণার মাধ্যমে প্রমাণ দিয়েছি। সেনাবাহিনীর হেডকোয়ার্টারে থাকা নথিতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা দলিলে স্পষ্টভাবে লেখা আছে—২৫ মার্চ রাতে ৮ম বেঙ্গল নিয়ে ক্যাপ্টেন অলি আহমেদ বিদ্রোহ করেন, যা জিয়াউর রহমানের হাতের লেখায় রয়েছে,” বলেন তিনি।
নির্বাচনী বক্তব্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে কর্নেল অলি বলেন, জামায়াত প্রার্থী হামিদুর রহমান আযাদ নির্বাচিত হলে তিনি দেশের গুরুত্বপূর্ণ নেতৃত্বে ভূমিকা রাখবেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বিএনপি ত্যাগ করার পর থেকেই দলটির রাজনৈতিক প্রভাব শেষের পথে।
সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ আসনের প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, “দাঁড়িপাল্লা বিজয়ী হলে মহেশখালী-কুতুবদিয়ার মানুষই বিজয়ী হবে। আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চাই।”
পথসভায় জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
No comments yet. Be the first to comment!