ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে অস্ত্রের মজুত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের মাঠে কয়েকটি স্থানে অস্ত্রের মজুতের তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনের জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, কিছু প্রার্থী উঠান বৈঠকে ভোটারদের হুমকি দিচ্ছেন, তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জয় এলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না—এমন আশঙ্কার কথাও জানান তিনি। তাঁর অভিযোগ, জুলাই সনদে স্বাক্ষর করার পরও বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, যার প্রতিফলন তাদের নির্বাচনী ইশতেহারে দেখা যায়।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, বিএনপি ক্ষমতায় এলে অতীতের ফ্যাসিবাদের বিচার হবে না বলেও তারা আশঙ্কা করছেন। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। এমন উদ্যোগ নেওয়া হলে এনসিপি রাজপথে তার মোকাবিলা করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনের শুরুতে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং ইশতেহার উপকমিটির সেক্রেটারি ইসতিয়াক আকিবসহ দলটির অন্যান্য নেতারা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!