রাজনীতি

আমরা কখনও হুঙ্কারের রাজনীতি করি না: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

আপডেট: ফেব ০৭, ২০২৬ : ০৪:৫৩ পিএম ১০
আমরা কখনও হুঙ্কারের রাজনীতি করি না: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর–৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি কখনোই হুঙ্কার, প্রতিশোধ কিংবা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি বলেন, ‘আমরা জনগণের পাশে থেকে রাজনীতি করেছি। হুঙ্কার দিয়ে বা ভয় দেখিয়ে রাজনীতি আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ নয়।’

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভবানীগঞ্জ, লাহারকান্দি, তেওয়ারীগঞ্জ ও কুশাখালী ইউনিয়নের ব্যানারে জনসভাটির আয়োজন করা হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি কখনোই আস্ফালন, লম্ফঝম্প বা লম্পজম্প দেখিয়ে রাজনীতি করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষকে যেভাবে শ্রদ্ধা ও সম্মান দিয়েছেন, তিনিও সেই ধারা অনুসরণ করে সাধারণ মানুষকে সম্মানের জায়গায় রেখে রাজনীতি করতে চান।

তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি ভবানীগঞ্জে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী সমাবেশে লক্ষ্মীপুরের উন্নয়ন কিংবা মানুষের জীবনমান পরিবর্তনের কোনো দিক উঠে আসেনি। বরং সেখানে হুঙ্কার, আস্ফালন ও হুমকির ভাষা ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ্যানি চৌধুরী বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষ প্রত্যাশা করে যে রাজনৈতিক দল ও ব্যক্তিরা হুমকি-ধমকি, ঔদ্ধত্য ও আস্ফালন দেখিয়ে রাজনীতি করবেন না। তাঁর ভাষায়, মানুষ চায় গঠনমূলক রাজনীতি, যাতে একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং সচেতন-আধুনিক লক্ষ্মীপুর গড়ে তোলা যায়।

তিনি বলেন, দেশের মানুষ চায় বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠুক, যেখানে বিভাজনের বদলে নির্মাণের রাজনীতি হবে।

জনসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান এবং বিএনপি নেতা জিয়া উদ্দীন চৌধুরী আরিফ।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!