রাজনীতি

তারেক রহমানের মানবিক উদ্যোগ নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’

আপডেট: ফেব ০৮, ২০২৬ : ০৫:৪৮ এএম ১০
তারেক রহমানের মানবিক উদ্যোগ নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’

অসহায় মানুষ থেকে শুরু করে দুস্থ পরিবার কিংবা অবহেলিত প্রাণীর পাশে নীরবে দাঁড়ানোর নানা উদ্যোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের জীবন ও দর্শনের তুলনামূলকভাবে অজানা মানবিক দিক তুলে ধরা হয়েছে।

শনিবার বিকেলে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে তথ্যচিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

তথ্যচিত্রে তারেক রহমানের প্রচারবিমুখ সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক উপস্থাপন করা হয়েছে। প্রদর্শনী চলাকালে এসব উদ্যোগের দৃশ্য দেখে দর্শকসারিতে উপস্থিত অনেককে আবেগাপ্লুত হতে দেখা যায়। নির্মাতাদের দাবি অনুযায়ী, তারেক রহমানকে নিয়ে এটি প্রথম তথ্যচিত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ‘বছরের পর বছর মানুষের কল্যাণে এভাবে নীরবে কাজ করে যাচ্ছেন—এই বিষয়টি আমাদের অনেকেরই অজানা ছিল। তথ্যচিত্রটি দেখার পর বোঝা গেল, যাঁদের পাশে তিনি দাঁড়িয়েছেন, তাঁদের অনেকেই জানতেন না সহায়তাটি কোথা থেকে আসছে। মানবিক কাজে তিনি কখনোই প্রচারের আলো চাননি।’

বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, তিনি শুরুতে ধারণা করতে পারেননি তথ্যচিত্রটির বিষয়বস্তু কী হতে যাচ্ছে। তবে প্রদর্শনীর পর তারেক রহমানের মানবিক দিক সম্পর্কে তিনি বিস্মিত হয়েছেন বলে জানান।

তথ্যচিত্রটির নির্মাতা জুবায়ের বাবু বলেন, ‘সবার আগে হাসিমুখ’ কোনো রাজনৈতিক বক্তব্য নয়। তিনি বলেন, এটি এমন একজন মানুষের গল্প, যিনি রাজনৈতিক ব্যস্ততার বাইরে থেকেও মানুষ ও প্রাণীর কল্যাণে নিভৃতে কাজ করে গেছেন। মানবিক সহমর্মিতাই ছিল এই তথ্যচিত্র নির্মাণের মূল প্রেরণা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তথ্যচিত্রটির নির্মাণশৈলী ও বিষয়বস্তুর প্রশংসা করেন। তাঁদের মতে, এটি শুধু একটি তথ্যচিত্র নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল হিসেবেও বিবেচিত হতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!