ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের ওপর শুক্রবার সংঘটিত হামলার ঘটনায় সরকারকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। তাঁর অভিযোগ, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে সরকারের একটি মহল শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলা চালিয়েছে।
শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঐক্য’-এর আয়োজিত একটি কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় নাসিরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন। তিনি ঢাকা-৮ আসনে এনসিপির সংসদ সদস্য প্রার্থীও।
নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, রাজপথে ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনার দায় সরকার এড়াতে পারে না। হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান তিনি। একই সঙ্গে আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বানও জানান।
‘র্যালি ফর বাংলাদেশ’ শিরোনামের ওই কর্মসূচির আয়োজন করা হয় শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার, অভিযুক্তদের ভারতের আশ্রয় দেওয়ার অভিযোগ, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থায় ভারতের আধিপত্য এবং বিগত নির্বাচনগুলোতে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগও তুলে ধরা হয় কর্মসূচিতে।
নাসিরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, হাদি হত্যার ঘটনা আন্তর্জাতিক কোনো সংস্থা বা জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা উচিত। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ারও দাবি জানান তিনি। তাঁর অভিযোগ, নির্দিষ্ট সময়সীমার দাবি জানানো সত্ত্বেও প্রশাসনের কিছু ব্যক্তি অতিউৎসাহী হয়ে আন্দোলনকারীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।
কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জিএস আব্দুল আলিম আরিফ এবং ইনকিলাব মঞ্চ ও জুলাই ঐক্যের বিভিন্ন নেতারা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!