রাজনীতি

মাঠে নেমেছে সেনাবাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট

আপডেট: ফেব ০৮, ২০২৬ : ০৭:১৪ এএম ১০
মাঠে নেমেছে সেনাবাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সারাদেশে মাঠে নেমেছে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছে এবং ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। একইসঙ্গে নির্বাচনী অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি নিয়ন্ত্রণে মাঠে থাকবেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাচন কমিশন (ইসি) জানায়, সেনাবাহিনী আগেও মাঠে ছিল, তবে আজ থেকে তাদের তৎপরতা আরও বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ইসির কেন্দ্রীয় সমন্বয় সেল সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা হবে।

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “মাঠের পরিস্থিতি বর্তমানে নির্বাচনের জন্য সম্পূর্ণ অনুকূলে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে যে দেশের পরিস্থিতি সন্তোষজনক এবং নির্বাচনের জন্য সহায়ক।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী এবারের নির্বাচনে বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও ভিডিপি প্রায় ৫ লাখ ৫০ হাজার, পুলিশ ১ লাখ ৫০ হাজার, সশস্ত্র বাহিনী ১ লাখ এবং বিজিবি ৩৫ হাজার সদস্য। বিজিবি, র‌্যাব, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন জেলা ও উপজেলা ভিত্তিক মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। উপকূলীয় এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবে কোস্টগার্ড।

নির্বাচন কমিশন জানিয়েছে, সাধারণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রভেদে নিরাপত্তা সদস্য মোতায়েনে ভিন্নতা আনা হয়েছে। মেট্রোপলিটন এলাকার বাইরে সাধারণ কেন্দ্রে ১৬-১৭ জন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭-১৮ জন। মেট্রোপলিটন এলাকায় সাধারণ কেন্দ্রে ১৬ জন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ জন। ২৫টি দুর্গম জেলার কেন্দ্রগুলোতে ১৬-১৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শুরুর আগে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় সব ধরনের নির্বাচনী প্রচার শেষ করতে হবে। এবার ২৯৯টি আসনে মোট ২,০৯৯ প্রার্থী, যার মধ্যে আড়াই শতাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। মোট ১৩ কোটি ভোটারের জন্য ৪২,৭৭৯টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!