রাজনীতি

আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস

আপডেট: ফেব ০৮, ২০২৬ : ০৫:৩৫ পিএম ১১
আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর মাধ্যমে আল্লাহ তাঁর ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তিনি বলেন, ‘আমি দোয়া করি, যেন নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি।’

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আরামবাগ এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইচ্ছাকৃতভাবে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করছেন। এমন কিছু অশালীন কথা বলা হচ্ছে, যাতে এলাকায় মারামারির পরিস্থিতি সৃষ্টি হয়। তিনি বলেন, ‘আমি সে পথে যাব না। কিন্তু তারা নির্বাচনকে সিন্ডিকেট করার জন্য নানা চেষ্টা চালাচ্ছে।’

বিএনপির এই নেতা অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতে কয়েকটি দল পরিকল্পিতভাবে কাজ করছে। তাঁর দাবি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পরিবর্তনের চেষ্টা করা হতে পারে। তিনি বলেন, ‘নিজেরা যা করবে, তার দায় অন্য দলের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কারণ তাদের সমর্থিত দল এখন ক্ষমতায় রয়েছে।’

মির্জা আব্বাস আরও বলেন, যেসব দলের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারাই ১২ তারিখের পর ক্ষমতায় এসে ‘দেখে নেওয়ার’ হুমকি দিচ্ছে। তাঁর প্রশ্ন, এই সাহস তারা কোথা থেকে পাচ্ছে? তিনি বলেন, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তাদের লোক বসানো আছে বলেই প্রয়োজনে তারা নির্বাচনের ফল নিজেদের মতো করে ম্যানিপুলেট করতে পারবে—এমন ধারণা থেকেই এসব কথা বলা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!