রাজনীতি

নারীদের নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান

আপডেট: ফেব ০৮, ২০২৬ : ০৫:৩৭ পিএম ১১
নারীদের নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান

নারীদের সাইবার বুলিং ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর আরও বেশি দায়িত্ব নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) থাকলে সেখানে নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা উচিত।

আজ রোববার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) ‘গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন জাইমা রহমান।

জাইমা রহমান বলেন, নারীদের রাজনীতিতে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের উপস্থিতি না থাকলে নারীদের বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজন যথাযথভাবে প্রতিফলিত হয় না। এ কারণে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানো জরুরি।

তিনি বলেন, শিক্ষার্থী রাজনীতি থেকে স্থানীয় সরকার পর্যন্ত নারীদের নেতৃত্ব বিকাশের একটি সুস্পষ্ট পাইপলাইন তৈরি করতে হবে। শুধু পাইপলাইন তৈরি করলেই হবে না, তা ধরে রাখা ও নিয়মিতভাবে মেরামত করাও প্রয়োজন। তা না হলে নারীদের জন্য সুযোগ–সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে না।

জাইমা রহমান আরও বলেন, বাস্তবে পুরুষদের জন্য নানা ধরনের সুযোগ তৈরি হলেও নারীদের ক্ষেত্রে সেই সুযোগগুলো সমানভাবে দেওয়া হয় না। এই বৈষম্য দূর করতে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

উইমেন ইন ডেমোক্রেসি (উইন্ড) আয়োজিত ওই গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা লুৎফা হাসিন রোজী, একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!