ঢাকা-১১ আসনে উন্নয়ন না হওয়ার প্রধান কারণ ভূমিদস্যুতা—এ অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, এই এলাকায় শত শত মানুষকে নিঃস্ব করে দেওয়া হয়েছে।
গতকাল রোববার রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রকল্পের খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে প্রধান দুই দলের স্থানীয় নেতারাই দীর্ঘদিন ধরে এই এলাকায় ভূমি দখলের সঙ্গে জড়িত ছিলেন। বিগত প্রায় ৩০ বছর ধরে তারা ভাগ-বাটোয়ারার মাধ্যমে ভূমি দখল করে রেখেছেন। এর ফলে ঢাকা শহরের ভেতরেই থেকেও বাড্ডা-ভাটারা এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত।
নাহিদ ইসলাম বলেন, এই আসনের সমস্যা মূলত রাজনৈতিক। আর সেই রাজনৈতিক সমস্যার কেন্দ্রবিন্দু হচ্ছে ভূমিদস্যুতা। নির্বাচিত হলে ঢাকা-১১ আসনে ভূমিদস্যুদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে।
তিনি আরও বলেন, তিনি এই এলাকার সন্তান হিসেবেই কথা বলতে এসেছেন। কোনো জাতীয় পর্যায়ের বক্তব্য দেওয়ার উদ্দেশ্য তাঁর নয়। তাঁর জন্ম ঢাকার বেরাইদে এবং বাড্ডা-রামপুরা এলাকায় তাঁর শৈশব কেটেছে।
নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী, ঢাকার খুব কাছাকাছি অবস্থান করলেও বাড্ডা-ভাটারা এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। এলাকার ভেতরের দিকে গেলে অনেক সময় মনে হয়, এটি রাজধানী ঢাকা নয়—বরং কোনো মফস্বল এলাকা। এখানকার মানুষ নানা ধরনের নাগরিক সুযোগ-সুবিধার অভাবে দুর্বিষহ জীবন যাপন করছেন।
তবে তিনি স্মরণ করিয়ে দেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় বাড্ডা-রামপুরা এলাকা আন্দোলন ও প্রতিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!