ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে ঢাকা–১৮ আসনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে মাহমুদুর রহমান মান্না জানান, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন। ঢাকা–১৮ আসন একটি বড় ও ব্যয়বহুল নির্বাচনী এলাকা হওয়ায় সেখানে নির্বাচন চালিয়ে নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। এ কারণেই তিনি ওই আসনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ফেসবুক পোস্টে মান্না লেখেন, একটি বিশেষ পরিস্থিতিতে তিনি ঢাকা–১৮ ও বগুড়া–২ আসন থেকে একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ঢাকা–১৮ আসনে সাড়ে সাতটি থানা রয়েছে এবং ভোটারসংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ। এই এলাকায় নির্বাচন পরিচালনার ব্যয় বহন করা তাঁর পক্ষে সম্ভব নয় বলে তিনি জানান। তাঁর এই সিদ্ধান্তে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন।
উল্লেখ্য, ঢাকা–১৮ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র শুরু থেকেই বৈধ ছিল। রাজধানীর উত্তরা, খিলক্ষেত, কুড়িল, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকা নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আশরাফুল হক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আরিফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে, মান্না বগুড়া–২ (শিবগঞ্জ) আসন থেকে এখনো নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। শুরুতে ঋণখেলাপির অভিযোগে ওই আসনে তাঁর প্রার্থিতা বাতিল হলেও পরে নির্বাচন কমিশনে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান। যদিও বিএনপি প্রথমে বগুড়া–২ আসনে মান্নাকে সমর্থনের ঘোষণা দিয়েছিল, পরে দলটি নিজস্ব প্রার্থী হিসেবে মীর শাহে আলমকে মনোনয়ন দেয়। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!