রাজনীতি

সরকার গঠন হলে বর্ষার আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি: তারেক রহমান

আপডেট: ফেব ১০, ২০২৬ : ০৫:৩৫ এএম
সরকার গঠন হলে বর্ষার আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই রাজধানী ঢাকাসহ সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জলাবদ্ধতা নিরসনে এটিকে অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর লালবাগ বালুর মাঠে ঢাকা–৭ আসনের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। জনসভায় সভাপতিত্ব করেন ঢাকা–৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ।

তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত খাল খনন কর্মসূচি নতুন করে শুরু করা হবে। এতে জলাবদ্ধতা কমার পাশাপাশি কৃষি ও পরিবেশের উন্নয়ন ঘটবে।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যার দেশ গড়ার জন্য সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা বিএনপির আছে এবং অতীতেও জনগণের ভোটে ক্ষমতায় এসে দেশ গঠনে আন্তরিক চেষ্টা করেছে দলটি।

তারেক রহমান আরও বলেন, বিএনপির লক্ষ্য এমন একটি রাষ্ট্র গঠন করা, যেখানে নাগরিকরা দিন-রাত নিরাপদে চলাফেরা করতে পারবেন এবং পরিবার নিয়ে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবেন।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা না গেলে প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে বিএনপির। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।

স্বাস্থ্যসেবা খাতে পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, গ্রামের মানুষ এখনো প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। বিএনপি সরকার গঠন করলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। এতে একদিকে কর্মসংস্থান তৈরি হবে, অন্যদিকে মানুষ অসুস্থ হওয়ার আগেই সচেতনতা বাড়বে।

নির্বাচন নিয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনকে ঘিরে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। বিশেষ করে মা–বোনদের কাছে অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এ ধরনের অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, যারা মানুষের বিকাশ নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করছে, তারা ষড়যন্ত্রের অংশ। এসবের ফলে জনগণের ভোটাধিকার আবারও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

তারেক রহমান বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, তরুণদের কারিগরি ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে। যারা বিদেশে যেতে চান, তাদের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে, যাতে কাউকে জমিজমা বিক্রি করতে না হয়।

এ সময় তিনি ইমাম ও মুয়াজ্জিনসহ ধর্মীয় গুরুদের জন্য রাষ্ট্রীয় সম্মানী চালুর ঘোষণাও দেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!