রাজনীতি

আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ: তারেক রহমান

আপডেট: ফেব ১০, ২০২৬ : ০৫:৪৬ এএম
আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন পেলে আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া সম্ভব, বিএনপি সরকার ততটাই কঠোর হবে এবং দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তারেক রহমান। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়।

তারেক রহমান বলেন, জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস। রাষ্ট্র ও সরকারকে জনগণের কাছে জবাবদিহিমূলক রাখার কোনো বিকল্প নেই। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।

বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে নির্বাচনের পরদিন থেকেই দেশ গঠনের কাজ শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটাররা প্রার্থীদের দায়িত্ব দিলে ১৩ ফেব্রুয়ারি থেকে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের দায়িত্ব নেবে। জনপ্রতিনিধিরা দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কি না, সেটিও দলীয়ভাবে নিশ্চিত করা হবে।

ভাষণে তারেক রহমান বলেন, অতীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সময় কিছু অনিচ্ছাকৃত ভুলত্রুটি হয়ে থাকতে পারে। এসব ভুলের জন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। অতীতের অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান।

তিনি বলেন, বিএনপি ইতিমধ্যে নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের দক্ষতা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, কৃষকের সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তারেক রহমান জানান, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে পর্যায়ক্রমে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ লক্ষ্যে শিল্প ও বাণিজ্যে বিনিয়োগ বাড়ানো, কারিগরি ও আইটি শিক্ষা সম্প্রসারণ এবং ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং খাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

নারীর ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, প্রথমবারের মতো নারীপ্রধান পরিবারের নামে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। প্রাথমিক পর্যায়ে প্রান্তিক পরিবারগুলোকে মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ অব্যাহত রাখা এবং কর্মপরিবেশ নিরাপদ করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

কৃষকদের স্বার্থ রক্ষার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ চালু করে আর্থিক ও তথ্যভিত্তিক সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তারেক রহমান জানান, জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যাদের বড় একটি অংশ হবেন নারী।

তিনি বলেন, দুর্নীতি ও অর্থপাচার বন্ধ করা গেলে বেকার ভাতা, ফ্যামিলি কার্ডসহ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন কঠিন নয়। এ জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, যা বিএনপির রয়েছে বলে দাবি করেন তিনি।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!