আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় অবশ্যম্ভাবী দেখে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল পরিকল্পিতভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মাহদী আমিন বলেন, একটি দল এর আগে বাসায় বাসায় গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছে। বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে অবৈধ অর্থ প্রেরণ কিংবা জান্নাতের টিকিটের প্রলোভনের মতো বিষয়গুলো ধর্মপ্রাণ মানুষ ইতোমধ্যেই প্রত্যাখ্যান করছেন।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ বোরকা ও নিকাব প্রস্তুতের তথ্য তারা পেয়েছেন। ইসলামী মূল্যবোধের প্রতি বিএনপি সর্বদা শ্রদ্ধাশীল উল্লেখ করে তিনি বলেন, বোরকা ও নিকাব ধর্মীয় সংস্কৃতির অংশ। তবে এসব পোশাক ব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে, তা দুঃখজনক।
ভোটারের পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনে নারী প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং অফিসার ও নারী এজেন্টের উপস্থিতিতে ভোট প্রদানের আগে মুখমণ্ডলের প্রয়োজনীয় অংশ অনাবৃত রেখে যাচাইয়ের আহ্বান জানান মাহদী আমিন।
প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের নিয়ে অপপ্রচারে উদ্বেগ
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রশাসন ও নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের একটি রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট বলে অপপ্রচার চালানো হচ্ছে, যা পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। নির্বাচন কমিশন, প্রশাসন এবং অন্তর্বর্তী সরকারের নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর বিএনপির পূর্ণ আস্থা রয়েছে বলে জানান তিনি।
এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, এসব কার্যক্রম নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।
নারী বিদ্বেষী রাজনীতির অভিযোগ
মাহদী আমিন বলেন, নারীর ক্ষমতায়নে বিএনপি অতীতেও অগ্রণী ভূমিকা রেখেছে। নারী বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, গার্মেন্টস শিল্পে নারীদের কর্মসংস্থান, শিক্ষাবৃত্তি ও অবৈতনিক শিক্ষার ব্যবস্থা বিএনপির উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে।
তিনি বলেন, যেখানে বিএনপি সবচেয়ে বেশি নারী সংসদ সদস্য প্রার্থী মনোনয়ন দিয়েছে, সেখানে প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দল একজন নারী প্রার্থীকেও মনোনয়ন দেয়নি। বরং তারা নারীদের বিষয়ে অশালীন বক্তব্য দিয়ে নারী অধিকার ও স্বাধীনতাকে সংকুচিত করতে চাচ্ছে।
পর্যবেক্ষক সংস্থা ও মোবাইল নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন
সংবাদ সম্মেলনে মাহদী আমিন জানান, নির্বাচন কমিশনের অনুমোদিত পর্যবেক্ষক সংস্থাগুলোর মধ্যে কিছু কম পরিচিত সংস্থা থেকে বিপুল সংখ্যক পর্যবেক্ষক অনুমোদন দেওয়া হয়েছে, যাদের কয়েকটির সঙ্গে বিশেষ রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার অভিযোগ সংবাদমাধ্যমে এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।
এছাড়া ভোটকেন্দ্রের আশপাশে ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার প্রজ্ঞাপন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মাহদী আমিন। তিনি বলেন, এতে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ ব্যাহত হতে পারে এবং ভোটার উপস্থিতি কমতে পারে।
ধানের শীষের নিরঙ্কুশ বিজয়ের দাবি
মাহদী আমিন বলেন, মাঠের বাস্তবতা, গণমাধ্যমের প্রতিবেদন এবং জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে বিএনপি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় সুনিশ্চিত।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার মতো নেতৃত্ব বর্তমানে একমাত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মধ্যেই রয়েছে বলে দেশবাসী মনে করে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!