আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ১১ দলীয় জোটের নেতা–কর্মীদের ফজর থেকে মাগরিব পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়েছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা-৮ আসনের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর নির্বাচনী গণমিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ আহ্বান জানান।
আসিফ মাহমুদ বলেন, ১১ দলীয় জোটের সব নেতা–কর্মীকে ১২ ফেব্রুয়ারি ফজর থেকে মাগরিব পর্যন্ত এবং কেন্দ্রের ফলাফল গণনা শেষ না হওয়া পর্যন্ত সতর্ক অবস্থানে থাকতে হবে। তিনি বলেন, অতীতে গণতান্ত্রিক আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের জন্য একটি দিনের সর্বোচ্চ দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা কোনো কঠিন কাজ নয়।
তিনি আরও বলেন, কোনো সন্ত্রাসী বা পেশিশক্তি যদি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে কিংবা কোনো ভোটার ভোট না দিয়ে ফিরে যেতে বাধ্য হয়, তবে পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠতে পারে। তাই সব নেতা–কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এনসিপির এই নেতা বলেন, দীর্ঘ সময় ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার অভিজ্ঞতা মানুষের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ বাড়িয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বদানকারী দলগুলোর ঐক্যের প্রতি জনগণের আস্থা রয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ভোটাররা যদি নির্ভয়ে ভোট দিতে পারেন, তাহলে ভোটের দিন সন্ধ্যার মধ্যেই জোটের বিজয়ের চিত্র স্পষ্ট হবে।
নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বিতর্কিত ব্যক্তিদের প্রার্থী করেছে এবং তারা ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করতে পারে। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন।
ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ভোট চুরির তথ্য বাইরে আসা ঠেকাতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে তারা মনে করেন। তবে বিভিন্ন মহলের চাপে নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে জানান তিনি।
এ ছাড়া তিনি বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রশিক্ষিত বিএনসিসি (BNCC) সদস্যদের ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া প্রয়োজন। নির্বাচন কমিশনের কাছে এ দাবি জানানো হয়েছে এবং কমিশন বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে বলেও জানান আসিফ মাহমুদ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!