ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রস্তাবিত গণভোটের জন্য রিকশা প্রতীকে ভোট এবং ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, “আমার রাজনীতি ক্ষমতা ভোগের জন্য নয়, এটি আল্লাহর কাছে জবাবদিহিতা এবং জনগণের আমানত রক্ষার রাজনীতি।”
সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান, শিক্ষা ও ইসলামী সুশাসনভিত্তিক রাজনৈতিক রূপরেখা উপস্থাপন করেন।
মাওলানা মামুনুল হক বলেন, “এবারের লড়াই শুধুমাত্র ক্ষমতা বদলের জন্য নয়, বরং রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের। সরকার বদলালেই জনগণের মুক্তি আসে না, আসবে তখনই যখন লুটপাট ও দমননির্ভর সিস্টেম ভেঙে ফেলা হবে।”
অর্থনৈতিক পুনর্গঠনের জন্য তিনি এমপ্লয়মেন্ট গ্যারান্টিধারী কর্মসূচি প্রস্তাব করেন। কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার, মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভাঙার, ন্যায্য মজুরি এবং ভর্তুকি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রবাসীদের জন্য ডিজিটাল সেবা, বিমানবন্দরে হয়রানি রোধ এবং বিনা সুদে ঋণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। নারীদের নিরাপত্তা, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ ও সম্পত্তিতে ন্যায্য অংশ নিশ্চিত করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
রাষ্ট্র পরিচালনায় কোরআন ও সুন্নাহকে সর্বোচ্চ নির্দেশনা হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে তিনি বলেন, “নৈতিকতা ছাড়া শিক্ষা এবং ন্যায়বিচার ছাড়া রাষ্ট্র টেকসই হয় না। কওমি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে স্বায়ত্তশাসিত কওমি শিক্ষা মঞ্জুরি কমিশন গঠন করা হবে।”
তিনি জানান, খেলাফত মজলিস ১১ দলীয় নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে সারাদেশে ২৬টি আসনে ‘রিকশা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যান্য আসনে তারা জোটের শরিক দলগুলোকে সমর্থন দেবে।
মাওলানা মামুনুল হক দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ভয় নয়, ইনসাফ বেছে নিন। আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে রাষ্ট্র সংস্কারের পথে হাঁটুন এবং জাতীয় নির্বাচনে ‘রিকশা’ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশকে জনগণের হাতে ফিরিয়ে দিন।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!