রাজনীতি

মির্জা আব্বাসের ভোটকেন্দ্র পরিদর্শনে নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট: ফেব ১২, ২০২৬ : ০৬:২৪ এএম
মির্জা আব্বাসের ভোটকেন্দ্র পরিদর্শনে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা–৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা মির্জা আব্বাসের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। এ কেন্দ্রেই ভোট দেওয়ার কথা রয়েছে মির্জা আব্বাসের।

কেন্দ্র পরিদর্শনের সময় তিনি নির্বাচন–সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ভোটগ্রহণ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নির্বাচন কর্মকর্তারা জানান, সকাল থেকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা–৮ আসনে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন।

আজ সকাল সাড়ে সাতটা থেকে দেশব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দলসহ স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্যমতে, সারা দেশে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!