ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি সমর্থিত সংসদ প্রার্থী নুরুল হক নুর জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করেছেন। নুর ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নুর বলেন, “আমার ৩৩ বছরের জীবনে আগে কখনও জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়নি। এটিই আমার জীবনের প্রথম ভোট। আজ ভোট দিতে পেরে ভালো লাগছে। দীর্ঘদিন পর দেশের মানুষ অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে—এটাই বড় অর্জন। আশা করি, দিন শেষে জনগণের রায়ই প্রতিফলিত হবে।”
নিজের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে তিনি বলেন, “যদি ভোট প্রদানের পরিবেশ অস্বাভাবিক দেখি, সেই ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। বিষয়টি অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের জানানো হবে।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “এ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে—সে যত বড় সরকারি কর্মকর্তা হোক বা যিনি হোক না কেন—তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যা করা প্রয়োজন, তাই করব।”
পটুয়াখালীর চারটি আসনে সকাল থেকেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, জেলায় মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ৫৮৯ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৬১ হাজার ৯৮৬, নারী ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৫৮৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন।
পটুয়াখালী-৩ আসনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!