জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সন্ত্রাস ও দখলমুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক এটাই তাদের প্রত্যাশা।
আজ বৃহস্পতিবার রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সুষ্ঠ প্রক্রিয়ার মাধ্যমে যে ফলাফল আসবে, সেটি সবাই মেনে নেবে। ভোট যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, আমরা সেই ফল মেনে নেব। অন্যদেরও তা মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”
দীর্ঘ প্রতীক্ষার পর ভোটদানের সুযোগ পেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াত আমির। তিনি বলেন, “এই ভোটের মাধ্যমে দেশে একটি নতুন দিনের সূচনা হোক।” বিশেষ করে যেসব তরুণ-তরুণী আগে কখনো ভোট দিতে পারেননি, তাদের জন্য দিনটি তাৎপর্যপূর্ণ।
ভোটের পর অন্যান্য কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং সারাদেশের খবর নেবেন বলে জানান ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করেছেন, ছোটখাটো বিষয় উপেক্ষা করা হলেও বড় কোনো অনিয়ম সহ্য করা হবে না।
দেশ গঠনে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, “দেশ সবার, দেশ গড়তে হবে সম্মিলিতভাবে।” গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি আশা প্রকাশ করেন, মিডিয়া দেশ গঠনের কাজে ইতিবাচক ভূমিকা রাখবে।
সব ভোটারকে শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে নিজ দায়িত্ব পালনের গুরুত্ব স্মরণ করিয়ে দেন ডা. শফিকুর রহমান।
সংবাদ পরিবেশনের বিষয়ে তিনি বলেন, একই সংবাদ বিভিন্নভাবে উপস্থাপিত হয়। “যে বিষয় অপরাধ নয়, তাকে জোর করে অপরাধ হিসেবে দেখানো অন্যায়,” মন্তব্য করেন তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!