ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী জোবাইরুল হাসান আরিফ মাত্র ২ হাজার ৯০৬ ভোট পেয়েছেন। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় তাঁর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
আসনটিতে মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ৭২৯ জন। ঘোষিত ফল অনুযায়ী, মোট ভোট পড়েছে ২ লাখ ৫৬ হাজার ১৩৪। সে হিসেবে এনসিপি প্রার্থী মোট ভোটারের বিপরীতে শূন্য দশমিক ৫২ শতাংশ ভোট পেয়েছেন।
চট্টগ্রাম–৮ আসনে ১ লাখ ৫০ হাজার ৭৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী–র প্রার্থী মো. আবু নাছের পেয়েছেন ৫২ হাজার ৩৩ ভোট।
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং বোয়ালখালীর সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান ফারুক ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে। সে হিসাবে এ আসনে অন্তত ২০ হাজার ৪৯০ ভোট প্রয়োজন ছিল। এনসিপি প্রার্থী তা অর্জন করতে না পারায় তাঁর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
এ আসনে আরও দুই প্রার্থী জামানত হারিয়েছেন। তাঁরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর প্রার্থী মোহাম্মদ নুরুল আলম (১ হাজার ১৮৮ ভোট) এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ–এর প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক (৮৭০ ভোট)।
এদিকে চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে ১৪টিতে বিএনপি ও দুটি আসনে জামায়াতের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!