ঢাকা–১৭ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের ডা. খালিদুজ্জামান ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি এই আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে একটি পোস্টে তিনি ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টে তিনি উল্লেখ করেছেন, নির্বাচনের ফলাফল প্রত্যাশা অনুযায়ী না এলেও জনগণের ভালোবাসা, সমর্থন ও আস্থা তাঁর জন্য জীবনের সবচেয়ে বড় অর্জন।
ডা. খালিদুজ্জামান বলেন, “অনেক জায়গায় আমরা সামান্য ভোটে পিছিয়ে থেকেছি। এই অল্প ব্যবধানই প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়, বিকল্প চায়, নীতিভিত্তিক রাজনীতি চায়। এই জাগরণই আমাদের শক্তি।” তিনি ত্যাগী নেতা-কর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানান এবং বলেন, তাদের পরিশ্রম বৃথা যাবে না।
তিনি আরও উল্লেখ করেছেন, মানুষের আস্থা অর্জনের যাত্রা থামবে না। যারা ভোট কেন্দ্রে গিয়ে সমর্থন দেখিয়েছেন, তাদের ভালোবাসা আগামী দিনের জন্য দলের সবচেয়ে বড় সম্পদ। বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।
ডা. খালিদুজ্জামান জানান, তিনি জনগণের পাশে থাকবেন এবং গঠনমূলক সমালোচনা ও জনগণের স্বার্থে ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবেন। পোস্টের শেষাংশে তিনি বলেন, “যোগ-বিয়োগের খেলায় আমি হেরে গেলেও ভোটাররাই প্রকৃত বিজয়ী হয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখুন।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!