রাজনীতি

আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম খান

আপডেট: ফেব ১৩, ২০২৬ : ০৬:৩৫ এএম
আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম খান

ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য দেশের দায়িত্ব জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা সমাপ্তির পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, “গত রাত থেকেই আমরা ফলাফল শুনছি। আমাদের সঙ্গীরা সারারাত এখানে ছিলেন। দেখা গেছে দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। বিএনপির সঙ্গে জোটে যারা যুক্ত ছিলেন, তাদেরও অনেকেই জয়ী হয়েছেন। এভাবে জনগণ আগামী পাঁচ বছরের জন্য দেশের কল্যাণের দায়িত্ব আমাদের ওপর অর্পণ করেছেন।”

তিনি আরও বলেন, “নির্বাচনী পরিবেশে এবার কোনো বড় ধরনের ঝুঁকি বা ক্ষয়ক্ষতি হয়নি। তবে দীর্ঘদিন ভোট না দেওয়ার কারণে ভোটের প্রতি জনগণের আগ্রহ পুরোপুরি ফিরে আসেনি। আমরা আশা করি আগামী নির্বাচনে ভোটে অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।”

চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আপিল বিভাগের আদেশের কারণে স্থগিত থাকা প্রসঙ্গে তিনি বলেন, “আদালত যখন সিদ্ধান্ত দেবেন, তখন নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করবে। তাছাড়া বিএনপি সরকার গঠনে কোনো অসুবিধা নেই।”

নজরুল ইসলাম খান বলেন, “আমরা ২৯২টি আসনে প্রার্থী মনোনীত করেছি। ধারণা ছিল আমাদের প্রার্থীরাই জয়ী হবেন। যারা অল্প ভোট পেয়েছেন, তারাও ভবিষ্যতে আরও ভালো ফল আশা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।”


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!