রাজনীতি

মর্যাদাপূর্ণ ফলাফলের জন্য জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

আপডেট: ফেব ১৪, ২০২৬ : ০৭:৪৯ এএম
মর্যাদাপূর্ণ ফলাফলের জন্য জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান–কে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেওয়া এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শফিকুর রহমানের নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং ফলাফল শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ইতিবাচক দৃষ্টান্ত।

তিনি বলেন, নির্বাচনী প্রচারপর্ব থেকে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত রাজনৈতিক শিষ্টাচার, সংযমী ও দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের শান্ত থাকার আহ্বান দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে জামায়াতে ইসলামী যে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা দিয়েছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বর্তমান প্রেক্ষাপটে দেশের সামনে বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারসহ নানা চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেন, শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও নীতিনিষ্ঠ বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদে সক্রিয় ভূমিকা পালন করবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ এবং জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় দলটি ইতিবাচক অবদান রাখবে—এমন প্রত্যাশার কথাও জানান তিনি।

জাতীয় ঐক্য সুসংহত রাখতে শফিকুর রহমান অতীতে যে ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!