নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে দায়িত্বশীল ভূমিকা রাখায় তিন রাজনৈতিক নেতাকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) পৃথক টেলিফোন আলাপে তিনি তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম–এর সঙ্গে কথা বলেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, আলাপকালে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পরিমিতি, সংযম ও দায়িত্বশীল আচরণের ফলে সারাদেশে নির্বাচন ঘিরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।
প্রথমে তারেক রহমানের সঙ্গে কথা বলে তাঁর দলীয় বিজয়ের জন্য অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। পরে শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে নির্বাচনী সাফল্য এবং নির্বাচন–পরবর্তী দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করবে। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!