রাজনীতি

নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা চাইলেন নাহিদ ইসলাম

আপডেট: ফেব ১৪, ২০২৬ : ০১:০৩ পিএম
নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা চাইলেন নাহিদ ইসলাম

নির্বাচনের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার অভিযোগ তুলে তা বন্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ফল ঘোষণার পর থেকে সন্ত্রাস, প্রতিহিংসা ও দখলদারিত্বের রাজনীতি শুরু হয়েছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। তাঁর ভাষ্য অনুযায়ী, ক্ষমতার উল্লাসে ভিন্নমত ও প্রতিদ্বন্দ্বী শক্তির ওপর হামলার ঘটনা ঘটছে।

নাহিদ ইসলাম দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলীয় নেতাকর্মী ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে; এতে আহত ও প্রাণহানির খবরও পাওয়া গেছে। তিনি এসব ঘটনাকে বিচ্ছিন্ন নয়, বরং সংগঠিত শক্তিপ্রদর্শনের অপচেষ্টা বলে উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনের পর সহিংসতার মাধ্যমে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা সফল হবে না। জনগণের ম্যান্ডেটকে ঢাল হিসেবে ব্যবহার করে ভয়ের পরিবেশ সৃষ্টি করা গণতান্ত্রিক সহাবস্থানের পরিপন্থী।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, অবিলম্বে সব সহিংসতা বন্ধ করতে হবে, জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নীরবতা বা পক্ষপাত রাষ্ট্রের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সন্ত্রাস ও দখলদারিত্বের চর্চা পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা হলে সচেতন নাগরিক সমাজ গণতান্ত্রিক উপায়ে তার জবাব দেবে।

বিবৃতির শেষে তিনি সহিংসতা বন্ধ, দোষীদের গ্রেপ্তার ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!