নির্বাচনের ফল ঘোষণার পর সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোরআনের আয়াত সম্বলিত এক পোস্টে তিনি লেখেন, “হতাশ বা দুঃখ করবেন না। নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।”
পোস্টটি দেওয়ার পরপরই সামাজিক মাধ্যমে তা ব্যাপক সাড়া ফেলে। মন্তব্যের ঘরে সমর্থকদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তাঁকে সাহস রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও শক্তভাবে মাঠে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে এনসিপি মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। একই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রার্থী হওয়ায় আসনটি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
নির্বাচনের ফলাফলে ওই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন মির্জা আব্বাস। ফল ঘোষণার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর এই ফেসবুক পোস্টকে সমর্থকদের উদ্দেশে বার্তা হিসেবে দেখছেন অনেকে।
No comments yet. Be the first to comment!