ঢাকা-৮ আসনে জয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, এবারের নির্বাচনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ভোট দিয়েছেন মানুষ। তাঁদের সমর্থনেই তিনি বিজয়ী হয়েছেন।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় এসব কথা বলেন তিনি। ভোটের দিন সবচেয়ে উদ্বেগের মুহূর্ত প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, কোনো কোনো কেন্দ্রে তাঁদের ব্যালট বাতিল করা হচ্ছে—এমন খবর পেয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন। তবে ধৈর্য ধারণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিচ্ছেন’—এমন অনুভূতি হয়েছিল। শেষ পর্যন্ত ফল প্রমাণ করেছে, ধৈর্যের ফল ভালো হয়। যদিও পুরো প্রক্রিয়াটি কষ্টকর ছিল বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনকে ‘আনন্দ ও উৎসবের বিষয়’ উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, এটি যুদ্ধক্ষেত্র হওয়ার কথা নয়। কিন্তু কেউ কেউ এটিকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছেন, যা কাম্য নয়। নির্বাচনের মাঠকে নির্বাচনী পরিবেশেই রাখা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।
ঢাকা-৮ আসনের ফল নিয়ে দেশবাসীর আগ্রহের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে তাঁর প্রার্থিতা এবং প্রচারের সময় তাঁকে লক্ষ্য করে কটূক্তির ঘটনায় মানুষের আগ্রহ বেড়েছিল। ‘জনসম্মুখে যেভাবে আমাকে গালিগালাজ করা হয়েছে, এটা মানুষ আশা করেনি। সে কারণেই অনেকে ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন,’ বলেন তিনি।
কোনো বিশেষ কৌশল অবলম্বন করেননি জানিয়ে মির্জা আব্বাস বলেন, নিজের ভাবমূর্তি নিয়ে নেতিবাচক বয়ান তৈরি করে তাঁকে ঘিরে প্রচার চালানো হয়েছে। এটিকে তিনি ‘অপকৌশল’ বলে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, রাজনৈতিক জীবনে তিনি একাধিক নির্বাচনে অংশ নিয়েছেন এবং শক্ত প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয়েছেন; তবে এবারের নির্বাচন কিছুটা ভিন্ন অভিজ্ঞতা ছিল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!