রাজনীতি

ময়মনসিংহ-১ আসনের ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থী প্রিন্সের

আপডেট: ফেব ১৪, ২০২৬ : ০১:৩৮ পিএম
ময়মনসিংহ-১ আসনের ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থী প্রিন্সের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে ব্যাপক কারচুপি, অনিয়ম এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে নিজের বাড়িতে এক সংবাদ সম্মেলনে প্রিন্স এ দাবি জানান।

লিখিত বক্তব্যে প্রিন্স অভিযোগ করেন, নির্বাচনের আগে স্বতন্ত্র প্রার্থীর লোকজন বিভিন্ন এলাকায় ভোটারদের টাকা বিতরণ করলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ভোট গ্রহণের দিন ধানের শীষ প্রতীকের এজেন্টদের ওপর চাপ প্রয়োগ করে স্বাক্ষর নেওয়া হয়েছে, কিছু কেন্দ্রে ব্যালট পেপার অযৌক্তিকভাবে বাতিল করা হয়েছে এবং কিছু ভোট অন্য প্রার্থীর পক্ষে গণনা করা হয়েছে। তিনি বললেন, এসব ঘটনার মাধ্যমে নির্বাচনের ফলাফল পরিকল্পিতভাবে প্রভাবিত করা হয়েছে।

প্রিন্স আরও অভিযোগ করেন, নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হত্যার চেষ্টা, হামলা, হুমকি, মারধর এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তিনি দ্রুত এসব ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের বিষয়েও ক্ষোভ প্রকাশ করে প্রিন্স বলেন, বর্তমান ফলাফল জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন নয়। তাই তিনি ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!