জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী উপদেষ্টাদের উদ্দেশে বলেছেন, সেফ এক্সিট নেওয়ার আগে তাঁদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করা উচিত।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীতে বিএনপির ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার চিন্তা করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাব, উপদেষ্টাদেরকে আহ্বান জানাব—সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন। জনগণের সামনে কী কাজ করেছেন এত দিনে, সে বিষয়ে সালতামামি প্রকাশ করুন।’
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোট চুরির মাধ্যমে তাঁকে হারানো হয়েছে বলে অভিযোগ করেন। তাঁর দাবি, নির্বাচন ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে পরিচালিত হয়েছে এবং এতে প্রশাসনের একটি অংশ জড়িত ছিল।
বক্তব্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এরও সমালোচনা করেন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করে ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা হয়েছে। তবে তাঁর এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে একটি দলের কার্যালয় উদ্বোধন এবং নারী কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে বলে তাঁরা অভিযোগ পাচ্ছেন। তিনি বলেন, এসব ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
এনসিপির এ নেতার বক্তব্যের বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট মহলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে তা জানানো হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!