রাজনীতি

জনগণের দেওয়া দায়িত্ব পালনের এখনই সময়: ইশরাক

আপডেট: ফেব ১৫, ২০২৬ : ০৬:৪৫ এএম
জনগণের দেওয়া দায়িত্ব পালনের এখনই সময়: ইশরাক

ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনে বিজয় কোনো অর্জন নয়, বরং জনগণের দেওয়া একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। জনগণের আস্থা রক্ষা করে তাদের জন্য কাজ করাই এখন তার প্রধান লক্ষ্য।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা-৬ আসনের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে ইশরাক হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, “জনগণ যে দায়িত্ব দিয়েছে, সেটিকে আমরা পবিত্র ইমানি দায়িত্ব হিসেবে দেখি। নির্বাচনের ফল ঘোষণার সময় সাময়িক উচ্ছ্বাস থাকলেও বিষয়টিকে উদযাপনের সুযোগ হিসেবে দেখার অবকাশ নেই।”

নবনির্বাচিত সংসদ সদস্য আরও বলেন, দেশের উন্নয়নে জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। দলের নাম ব্যবহার করে অন্যায় করা, চাঁদাবাজি বা অবৈধ দাবির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজি বন্ধ করার ওপর গুরুত্ব দেন। ইশরাক হোসেন বলেন, “এলাকায় এসব কর্মকাণ্ড বন্ধ হলে নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে এবং ভবিষ্যতে কোনো সন্ত্রাসী বা মাদক কারবারিকে প্রশ্রয় দেওয়া হবে না।”

অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিনিয়োগ না হওয়ায় অর্থনীতি স্থবির হয়ে গেছে। রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজারে সিন্ডিকেট রোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ভোটার উপস্থিতি কম হওয়াকে নির্বাচনের ফলকে সন্তোষজনক নয় বলে মন্তব্য করে ইশরাক হোসেন জানান, কেন্দ্রে ভিত্তিক তথ্য ও ভোটারদের বিভিন্ন দিক বিশ্লেষণ করে দলকে পুনর্গঠন ও সুসংগঠিত করার পরিকল্পনা রয়েছে।

তিনি এলাকা পর্যবেক্ষণ, রাস্তাঘাটের উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানের জন্য নিয়মিত কর্মসূচি চালানোর প্রতিশ্রুতি দেন। এছাড়া দলের নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান জানিয়ে সামাজিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকার তাগিদ দেন।

ইশরাক হোসেন বলেন, “যারা ভোট দিয়েছেন বা দেননি, সবাই আমার কাছে সমান। একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর ওই এলাকার সব নাগরিকের দায়িত্ব নেওয়াই রাজনীতির মূলনীতি। জনগণ তার ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান যথাযথভাবে দিতে পারার জন্য আমি সবার দোয়া কামনা করি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার, সাইদুর রহমান মিন্টু, আব্দুস সাত্তার, মকবুল ইসলাম খান টিপু, জহির উদ্দিন তুহিন, সুমন ভূঁইয়া, ইরফান আহমেদ, ফাহিম মেহেদী হাসান হিমেল, মুকিদুল হাসান রঞ্জু, হাজি কামাল হোসেন, রেহানা ইয়াসমিন ডলি, মোজাম্মেল হক মুক্তা, হাজি লিয়াকত আলি, সাব্বির আহমেদ আরেফ, আব্দুল কাদের, মামুনুর রশিদ অপু, শেখ আজিজুল ইসলাম, দেলোয়ার হোসেনসহ অনেকে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!