রাজনীতি

নতুন সরকারের মন্ত্রিসভায় কারা থাকতে পারেন, জল্পনা-কল্পনা

আপডেট: ফেব ১৬, ২০২৬ : ০৬:৪৮ এএম
নতুন সরকারের মন্ত্রিসভায় কারা থাকতে পারেন, জল্পনা-কল্পনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারপারসন (চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী) তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন—এ বিষয়ে নেতাদের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে। এখন আলোচনায় নতুন মন্ত্রিসভার আকার ও সম্ভাব্য সদস্যদের তালিকা।

বিএনপির স্থায়ী কমিটি ও একাধিক জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রবীণ ও নবীনের সমন্বয়ে মন্ত্রিসভা সাজানোর পরিকল্পনা রয়েছে। ২০০১–২০০৬ মেয়াদের সাবেক মন্ত্রীদের কেউ কেউ যেমন ফের দায়িত্ব পেতে পারেন, তেমনি প্রথমবার নির্বাচিত নবীন সাংসদদেরও অন্তর্ভুক্ত করার ভাবনা আছে। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথাও বিবেচনায় রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

স্থায়ী কমিটি থেকে সম্ভাব্য মুখ

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এজেডএম জাহিদ হোসেনের নাম আলোচনায় আছে। টেকনোক্র্যাট কোটায় নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানকে বিবেচনা করা হতে পারে।

ভাইস চেয়ারম্যানদের মধ্যে আবদুল আউয়াল মিন্টু এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদর নামও সম্ভাব্য তালিকায় রয়েছে।

নবীন ও টেকনোক্র্যাট কোটা

নবীনদের মধ্যে অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও ব্যারিস্টার কায়সার কামালসহ কয়েকজন নতুন মুখের নাম শোনা যাচ্ছে। টেকনোক্র্যাট কোটায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেলের নামও আলোচনায় রয়েছে।

জোটসঙ্গীদের অংশগ্রহণ?

বিএনপি ২০৯ আসনে জয় পাওয়ার পর যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রতিনিধিত্ব নিয়েও আলোচনা চলছে। সম্ভাব্য নামের মধ্যে রয়েছেন জোনায়েদ সাকি ও নুরুল হক নুর। এছাড়া আন্দালিব রহমান পার্থ, ববি হাজ্জাজ, শাহাদাত হোসেন সেলিম এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার নামও ঘুরছে রাজনৈতিক অঙ্গনে।

তবে ‘জাতীয় সরকার’ গঠনের ঘোষণায় যুগপৎ আন্দোলনের সব শরিক থাকবে নাকি কেবল নির্বাচনী জোটসঙ্গীরা—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সিদ্ধান্ত আজকের বৈঠকে

মন্ত্রিসভার আকার ও দপ্তর বণ্টন নিয়ে রোববার রাতের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হওয়ার কথা। এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, নতুন মন্ত্রিসভা সম্পর্কে জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

দলীয় সূত্র বলছে, মন্ত্রিসভার বাইরেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিশেষ সহকারী ও খাতভিত্তিক বিভিন্ন পদে একাধিক নেতা ও বিশেষজ্ঞকে দায়িত্ব দেওয়া হতে পারে।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!