ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ঢাকা–৮ আসনের ফল পুনর্গণনার দাবি জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। এ বিষয়ে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন–এ আনুষ্ঠানিক আবেদন করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের বরাবর দেওয়া আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তাঁর সমর্থকদের মাধ্যমে ভোটগ্রহণ ও গণনার সময় প্রভাব বিস্তার, ফল আটকে রাখা এবং বাতিল ভোট গণনায় যুক্ত করার মতো অনিয়ম হয়েছে।
আবেদনে বলা হয়, কয়েকটি কেন্দ্রে প্রকৃত ফল উপেক্ষা করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাও এসব অনিয়মে জড়িত ছিলেন।
তিনি দাবি করেন, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ ও ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালাসহ প্রযোজ্য আইন লঙ্ঘন করে ফল ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
আবেদনে আরও উল্লেখ করা হয়, ঢাকা–৮ আসনের ১১টি কেন্দ্রে বিভিন্ন ধরনের অনিয়মের তথ্য যুক্ত করা হয়েছে। একই সঙ্গে বাতিল ঘোষিত ভোট পুনর্বিবেচনা করে ফল পুনঃগণনা এবং পুনর্গণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই আসনের শপথ আয়োজন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!