রাজনীতি

‘প্রত্যেকটা হিসাব কড়ায়–গণ্ডায় বুঝে নেব’

আপডেট: ফেব ১৭, ২০২৬ : ০৬:৩৬ এএম
‘প্রত্যেকটা হিসাব কড়ায়–গণ্ডায় বুঝে নেব’

প্রত্যেকটি ঘটনার হিসাব ‘কড়ায়–গণ্ডায়’ বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেছেন, নির্বাচন-পরবর্তী সহিংসতা ও নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার দাবি করা হবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ–সমাবেশে তিনি এ বক্তব্য দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী সহিংসতা, নির্যাতন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় জোট এ কর্মসূচির আয়োজন করে।

নাসীরুদ্দীন পাটোয়ারী ভোট কারচুপির অভিযোগ তুলে বলেন, “ওরা শুধু ভোট চুরি নয়, ডাকাতি করেছে। নির্বাচন ঘিরে যেসব বোনের ওপর আক্রমণ করা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, বোরকা ধরে টান দেওয়া হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে—আমরা প্রত্যেকটির হিসাব কড়ায়–গণ্ডায় বুঝে নেব, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, এত দিন বলা হয়েছিল তারা নির্বাচন চায় না। “কিন্তু আমরা প্রমাণ করেছি, আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই। এখন আর কোনো নয়ছয় চলবে না। সংস্কারের পক্ষে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।” একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে পাটোয়ারী আরও বলেন, নির্বাচন শেষে ১১–দলীয় জোট বিরোধী দল হিসেবে রাজপথে থাকবে। “জনগণের ওপর যারা নতুনভাবে জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের কাছ থেকে ইঞ্চি ইঞ্চি করে বুঝে নেওয়া হবে।”

ঢাকা–৮ আসনের নিহত প্রার্থী ওসমান হাদির বিচার দাবি করে তিনি বলেন, তিনি আজ এমপি হিসেবে উপস্থিত থাকতে পারতেন। সরকারের কাছে দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আহ্বান জানান এনসিপির এই নেতা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!