রাজনীতি

প্রথমবার এমপি হয়েই মন্ত্রিসভায় ইশরাক হোসেন

আপডেট: ফেব ১৮, ২০২৬ : ০৮:৪৫ এএম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রিসভায় ইশরাক হোসেন

ঢাকা–৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় তাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। এদিন মন্ত্রিসভার ৪৯ সদস্য শপথ নেন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী।

দলীয় সূত্র বলছে, রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে এবারই প্রথম সংসদ সদস্য হয়েও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ইশরাক।

ইশরাক হোসেন সাবেক মেয়র ও বিএনপির নেতা সাদেক হোসেন খোকা–র জ্যেষ্ঠ পুত্র। ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন তিনি। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে আলোচনায় আসেন।

চলতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৬ আসন থেকে বিজয়ী হয়ে জাতীয় রাজনীতিতে তাঁর আনুষ্ঠানিক অভিষেক ঘটে। প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!