রাজনীতি

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

আপডেট: ফেব ১৮, ২০২৬ : ০৮:৫৪ এএম
মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

মব জাস্টিস নিয়ন্ত্রণে নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু খারাপ ছিল, তা আরও উন্নত করার চেষ্টা করবে সরকার।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সরকারের প্রধান চ্যালেঞ্জ কী—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দেশকে গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রিসভা কাজ করবে। জনগণের সমস্যার সমাধান ও দেশকে এগিয়ে নেওয়াই তাঁদের লক্ষ্য।

গণতন্ত্রকে সামনে রেখে সরকার এগোবে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সরাসরি তৃণমূল মানুষের সঙ্গে সম্পৃক্ত। নিজে আগে স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানান তিনি। মন্ত্রণালয়কে আরও গতিশীল করে মানুষের সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি ভঙ্গুর—এমন মন্তব্যের সঙ্গে একমত নন বলে জানান মন্ত্রী। তাঁর মতে, পরিস্থিতি অতটা খারাপ নয়; আইনশৃঙ্খলা আগের তুলনায় উন্নত হয়েছে এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাও অনেকটা ফিরে এসেছে। ব্যাংক খাতও নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেন তিনি।

গত দেড় বছরে মব জাস্টিসের ঘটনায় উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, “অবশ্যই এটাকে নিয়ন্ত্রণ করা হবে।” তিনি বলেন, দেশে একটি বড় রাজনৈতিক পরিবর্তন, বিদ্রোহ ও গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা গেছে। এমন পরিস্থিতির পর সবকিছু তাৎক্ষণিকভাবে স্বাভাবিক হবে—এটা প্রত্যাশা করা ঠিক নয়। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে নির্বাচিত সরকার গঠিত হওয়াকেও তিনি একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।

নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কি না—প্রশ্নে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছে বলেই এটি অন্তর্ভুক্তিমূলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান কী হবে—এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে সরকারিভাবে আলোচনার পর জানানো হবে।

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী। তাঁর ভাষ্য, একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে তারা গণতন্ত্রে উত্তরণের পথ তৈরি করেছে। এজন্য তাদের কৃতিত্ব দেওয়া উচিত।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!