পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। পাশাপাশি সংযম, তাকওয়া ও সামাজিক দায়িত্ববোধের মধ্য দিয়ে রমজানের চেতনা বাস্তবায়নের জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে দলটি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ এসব কথা বলেন। সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠান দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ।
বিবৃতিতে বলা হয়, রমজান আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের মাস। এ সময়ে বাজার তদারকি জোরদার, সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। অসাধু মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
ব্যবসায়ী সমাজের উদ্দেশে বিবৃতিতে বলা হয়, রমজানকে অতিরিক্ত মুনাফার সুযোগ হিসেবে না দেখে মানবিকতা ও দায়িত্ববোধ থেকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে হবে। রোজাদারদের সহযোগিতা করাই ইসলামের শিক্ষা—এ কথাও উল্লেখ করা হয়।
রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশ্লীলতা ও অনাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির ওপর জোর দেওয়া হয়। এসব বিষয়ে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানায় দলটি।
বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতিতে বলা হয়, রাতে তারাবিহ নামাজ আদায় এবং ভোরে সেহরি গ্রহণের মাধ্যমে রোজা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ সময় দলীয় নেতাকর্মীদের ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ এবং আত্মশুদ্ধির মাধ্যমে সমাজ সংস্কারে ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বুধবার থেকেই রমজান শুরু হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!