রাজনীতি

সরকারি নয়, নিজের গাড়িতেই চলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট: ফেব ১৯, ২০২৬ : ০৫:২১ এএম
সরকারি নয়, নিজের গাড়িতেই চলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ির বদলে নিজের ব্যবহৃত ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। শপথের পর প্রথম দিনের কর্মসূচিতেই তিনি নিজস্ব গাড়ি ব্যবহার করেছেন বলে জানিয়েছেন তাঁর কার্যালয় সংশ্লিষ্টরা।

বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী বুধবার সন্ধ্যায় বাসসকে বলেন, প্রধানমন্ত্রীর বুধবারের কর্মসূচিতে সাভার ও শেরে বাংলা নগরে যাতায়াত হয়েছে তাঁর ব্যক্তিগত সাদা টয়োটা গাড়িতে। পরে সেখান থেকে সচিবালয়েও তিনি একই গাড়িতে যান।

তিনি জানান, যানজট ও জনভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে গাড়িবহরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। আগে যেখানে ১৩ থেকে ১৪টি গাড়ি থাকত, সেখানে বুধবার তা কমিয়ে চারটিতে নামিয়ে আনা হয়।

শপথ নেওয়ার পর প্রথম দিনের কর্মসূচিতে পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেন প্রধানমন্ত্রী। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরের সময় গাড়িতে জাতীয় পতাকা ব্যবহৃত হবে বলে জানান প্রেস সচিব।

এদিন সকালে গুলশানের বাসা থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ–এ গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে তিনি শেরে বাংলা নগরে যান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

দুই স্থানেই প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর তিনি সচিবালয়ে গিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন।

প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভিআইপি চলাচলের কারণে জনদুর্ভোগ কমে। একই সঙ্গে যাত্রাপথে সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশের সারিবদ্ধ অবস্থানের প্রচলিত নিয়ম বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সূত্র: বাসস

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!