বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হন। কেউ নিপীড়নের শিকার হলে তা প্রতিহত করতে তাঁর দল প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।
বৃহস্পতিবার রাজধানীতে ঢাকা–১৫ আসনের উদ্যোগে আয়োজিত এতিমদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রায় এক হাজার এতিম শিক্ষার্থী অংশ নেয়।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারি ও বিরোধীদল মিলে মানুষের অধিকার নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, ‘আমরা দেশ ও দেশের নাগরিকদের ভালোবাসি। যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, আমরা আশা করি সরকার সে পথেই চলবে।’
এতিম শিক্ষার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘এতিমদের মধ্য থেকে মনিমুক্তা বের করে আনতে চাই। তাদের এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।’
সম্প্রতি বেসরকারি টেলিভিশন এখন টিভি–র চার সাংবাদিকের চাকরি হারানোর বিষয়ে প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, এটি সাংবাদিকতার স্বাধীনতার ওপর আঘাত। সরকারের কাছে তাঁদের পুনর্বহালের প্রত্যাশা জানান তিনি। অন্যথায় পরিস্থিতি একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলিম উদ্দিন, যিনি দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির। সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
সভাপতির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ ইসলামপ্রিয় ও কোরআনপ্রিয়; তারা কোরআনের চেতনায় বিশ্বাস করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকারসহ স্থানীয় নেতারা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!