২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি জাতির গৌরবের দিন। ১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রসমাজ যে ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে, তা বাঙালির অধিকারচেতনার অনন্য অধ্যায়। আন্দোলন দমনে তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী শহীদ হন। তাঁদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করবে বলে উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ২১ ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। এটি ভাষাশহীদদের আত্মদানের আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ভাষা ও সংস্কৃতির বিকাশ ও সুরক্ষায় সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনা বাস্তবায়নের জন্য সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বাংলার ব্যবহার বাড়াতে হবে।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে জামায়াত আমির বলেন, দেশবাসী এমন এক সময়ে ভাষা দিবস পালন করতে যাচ্ছে, যখন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তবে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বাধীন সরকার দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে এবং নাগরিকদের জানমাল ও মর্যাদার নিরাপত্তা বজায় রাখবে।
২১ ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য দলীয় সব শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!