জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা শাসক নয়, সেবকের ভূমিকায় দায়িত্ব পালন করবেন বলে মন্তব্য করেছেন ঢাকা–৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।
বৃহস্পতিবার ঢাকা–৪ আসনে ইফতারসামগ্রী বিতরণপূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সৈয়দ জয়নুল আবেদীন বলেন, নির্বাচনের আগেই দলীয় আমির ঘোষণা দিয়েছিলেন—জামায়াত শাসক নয়, সেবক হতে চায়। জনগণ সেই ঘোষণায় আস্থা রেখে ১১–দলীয় জোটকে ভোট দিয়েছে বলেও দাবি করেন তিনি। তবে ‘ইঞ্জিনিয়ারিং ইলেকশন’-এর মাধ্যমে ভোট কারচুপির চেষ্টা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।
তিনি বলেন, নির্বাচনে অনিয়মের নানা প্রমাণ ইতিমধ্যে সামনে এসেছে। ঢাকা–৪ আসনেও ভোট নিয়ে টালবাহানা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে স্থানীয় জনগণ সজাগ থাকায় শেষ পর্যন্ত ফলাফলে কারচুপি করা সম্ভব হয়নি বলে দাবি করেন এই সংসদ সদস্য।
ইফতারসামগ্রী বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, এগুলো রাষ্ট্রীয় কোষাগার থেকে নয়; দলীয় অর্থায়নে উপহার হিসেবে দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। দল–মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এসব কার্যক্রম পরিচালিত হয় বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকা–৪ আসনকে বঞ্চিত ও অবহেলিত এলাকা উল্লেখ করে সৈয়দ জয়নুল আবেদীন বলেন, এলাকাকে নিরাপদ ও আধুনিক হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানান তিনি। তাঁর ভাষ্য, এলাকায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না।
কদমতলী পশ্চিম থানা আমির কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী পূর্ব থানা আমির মো. আব্দুর রহিম জীবন, কদমতলী মধ্য থানা আমির মোহাম্মদ মহিউদ্দিন এবং মহানগর মজলিসে শুরা সদস্য মাওলানা নেছার উদ্দিন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!