রাজনীতি

৫২-তে ভাষার অধিকার মিলেছে, নাগরিক অধিকার এখনো অপূর্ণ: শফিকুর রহমান

আপডেট: ফেব ২১, ২০২৬ : ০৫:৪৪ এএম
৫২-তে ভাষার অধিকার মিলেছে, নাগরিক অধিকার এখনো অপূর্ণ: শফিকুর রহমান

১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে মাতৃভাষার অধিকার অর্জিত হলেও দেশের মানুষ এখনো পূর্ণাঙ্গ নাগরিক ও মানবিক অধিকার থেকে বঞ্চিত—এমন মন্তব্য করেছেন শফিকুর রহমান।

শুক্রবার দিবাগত রাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির শফিকুর রহমান বলেন, ‘৫২-তে ভাষার অধিকার মিলেছে, কিন্তু নাগরিক হিসেবে আমাদের কাঙ্ক্ষিত অধিকার আজও পূর্ণতা পায়নি।’

তিনি বলেন, ১৯৫২ সালে মাতৃভাষার মর্যাদা রক্ষায় ছাত্র-তরুণেরা জীবন উৎসর্গ করেছিলেন। আজিমপুর কবরস্থানে দাফন করা ভাষাসৈনিকদের স্মরণে ফাতেহা পাঠ, সুরা ইখলাস তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়েছে।

শফিকুর রহমান জানান, ১৯৫২ থেকে ২০২৪ সাল পর্যন্ত অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে নিহতদের জন্যও দোয়া করা হয়েছে। বক্তব্যে তিনি ১৯৪৭, ১৯৫২, ১৯৭১, ১৯৯০ এবং ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনৈতিক প্রেক্ষাপটের উল্লেখ করে বলেন, বিভিন্ন সময়ে ক্ষমতাসীন ‘কায়েমি স্বার্থবাদী সরকার’ জনগণের অধিকার সংকুচিত করেছে।

তার ভাষ্য, ‘ভাষার অধিকার আমরা পেয়েছি, কিন্তু নাগরিক অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।’ স্বাধীনতার পরও প্রত্যাশিত ন্যায়বিচার ও সমঅধিকার নিশ্চিত হয়নি বলেও দাবি করেন তিনি।

জামায়াত আমির বলেন, একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাঁদের রাজনৈতিক সংগ্রাম চলবে। দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘বীররা কখনো হারিয়ে যান না। ৫২-এর শহীদরা শিখিয়ে গেছেন—সংগ্রাম করলে অধিকার ফিরে পাওয়া যায়।’

শফিকুর রহমানের মতে, তাঁদের রাজনীতি কোনো বিশেষ শ্রেণির জন্য নয়; কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই আন্দোলন। তরুণদের স্বপ্ন পূরণ এবং শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

শেষে তিনি বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তাঁর দাবি, প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই নাগরিক অধিকার পূর্ণতা পাবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!