ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘কলঙ্ক তিলক’ আখ্যা দিয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর নামে পরিচিত। তিনি বলেন, অনিয়ম রোধে ত্যাগ ও রক্তের ইতিহাস থাকার পরও নির্বাচনে আগের ঘটনার পুনরাবৃত্তি জাতিকে হতাশ করেছে।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরার জামিয়া কারিমিয়া মিলনায়তনে নির্বাচন–পরবর্তী পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রেজাউল করীম বলেন, পরপর তিনটি জাতীয় নির্বাচনে সীমাহীন জালিয়াতির অভিযোগ থেকে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটেই ‘চব্বিশের গণ-অভ্যুত্থান’ সংঘটিত হয়েছিল। ‘অনেক ত্যাগ ও জীবনের বিনিময়ে স্বৈরাচারকে দেশত্যাগে বাধ্য করা হয়। আমরা স্বৈরতন্ত্রের স্থায়ী অবসান চেয়েছিলাম। কিন্তু ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরেও ইলেকশন মেকানিজম নিয়ে অসংখ্য অভিযোগ উঠেছে,’ বলেন তিনি।
তিনি অভিযোগ করেন, দলের বিভিন্ন প্রার্থীর কাছ থেকে এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া, ভয়ভীতি প্রদর্শন এবং ভোট গণনায় ছলচাতুরির অভিযোগ পাওয়া গেছে।
নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, অনিয়মসংক্রান্ত সব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
সভায় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সারা দেশ থেকে আসা প্রার্থীদের অভিজ্ঞতা ও নির্বাচন–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!