রাজনীতি

‘সমঝোতার নামে চাঁদাবাজিকে বৈধতা’ দেওয়ার বক্তব্যের নিন্দা জামায়াতের

আপডেট: ফেব ২১, ২০২৬ : ০৪:১৯ পিএম
‘সমঝোতার নামে চাঁদাবাজিকে বৈধতা’ দেওয়ার বক্তব্যের নিন্দা জামায়াতের

সড়কপরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম–এর ‘সমঝোতার’ নামে চাঁদাবাজিকে কার্যত বৈধতা দেওয়ার অভিযোগ তুলে তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এ ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেছে।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মন্ত্রীর দেওয়া বক্তব্যে ‘সমঝোতার’ মাধ্যমে চাঁদাবাজিকে গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপনের ইঙ্গিত পাওয়া গেছে, যা অনাকাঙ্ক্ষিত ও অনৈতিক। দলটির দাবি, চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ এবং এটি সমাজ, অর্থনীতি ও আইনের শাসনের জন্য গুরুতর হুমকি।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, একজন দায়িত্বশীল মন্ত্রীর বক্তব্যে যদি এমন বার্তা যায় যে অবৈধ অর্থ আদায় বা অনৈতিক সমঝোতা গ্রহণযোগ্য হতে পারে, তবে তা রাষ্ট্রের জন্য কলঙ্কজনক। এতে অপরাধীরা উৎসাহিত হতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের দায়িত্ব চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া। কোনো অবস্থাতেই অপরাধকে ‘সমঝোতার’ নামে আড়াল করার সুযোগ নেই।

জামায়াতের পক্ষ থেকে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে দেশবাসীর কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি চাঁদাবাজি প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও তার বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

দলটি আরও বলে, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!