ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ নির্বাচনী এলাকায় প্রথম সফরে আসা নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন হারাগাছে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া নিয়ে সতর্কবার্তা দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আমার হারাগাছে আসা নিয়ে যদি কিছু ঘটে তার দায় ভরসা এবং বিএনপির হাইকমান্ডকে নিতে হবে। আমরা হারাগাছের নিপীড়িত শ্রমিকদের পক্ষে কাজ করে যাব ইনশাআল্লাহ।”
আখতার হোসেন অভিযোগ করেছেন, স্থানীয় বিএনপির সমর্থকরা তার সফরের আগে হরতাল ডাকার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছেন। তিনি উল্লেখ করেন, নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে তার কর্মীদের ওপর হামলা, ভোটার স্লিপ বিতরণের টেবিল ভাঙচুর এবং প্রিজাইডিং অফিসারদের অসহযোগিতার ঘটনা ঘটেছে। এছাড়া হারাগাছ মডেল কলেজ কেন্দ্রে ভোটের হিসেব নেওয়ার সময় ভরসা সমর্থকরা কেন্দ্রের গেট আটকে দিয়ে তাকে মারার হুমকি দিয়েছে।
তিনি বলেন, “ভরসা বাহিনী নির্বাচনের দিন এবং পরবর্তী সময়ে আমাদের কর্মীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং ভয়ভীতি দেখিয়েছে। তবে আমি হারাগাছের ভোটার এবং সবার মর্যাদা রক্ষা করার লড়াইয়ে আছি।”
আখতার হোসেন আরও জানান, হারাগাছের জন্য ইতোমধ্যেই তিন দফায় বিশেষ বরাদ্দ হিসেবে সাড়ে ৬ কোটি টাকা প্রাপ্তি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ হারাগাছে গিয়ে সেই বরাদ্দের কাজ, আধুনিক টয়লেট নির্মাণসহ স্থানীয় মানুষের সুবিধার্থে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে আখতার হোসেন শাপলা প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ভরসা ভোট পুনর্গণনার দাবি জানিয়েছিলেন এবং তার সমর্থকরা বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি চালাচ্ছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!