রাজনীতি

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০ দিনের কর্মসূচি

আপডেট: ফেব ২৭, ২০২৬ : ০৪:৩৩ এএম
এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০ দিনের কর্মসূচি

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগান সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়। এতে জানানো হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাক্টিভিস্ট এবং সারা দেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত এক বছরে দলটির বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র ও চিত্রপ্রদর্শনীর আয়োজন থাকবে।

কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় শহরগুলোতেও ধারাবাহিকভাবে ইফতার মাহফিল আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী ২ মার্চ চট্টগ্রাম, ৩ মার্চ কুমিল্লা, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৬ মার্চ ঢাকা, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী এবং ১১ মার্চ রংপুরে বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ১২ মার্চ ঢাকা মহানগর, ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তর এবং ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকে পৃথক ইফতার মাহফিলের আয়োজন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

দলটির নেতারা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মাধ্যমে সারা দেশে দলীয় কার্যক্রম আরও বেগবান হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!