বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রদবদল ঘিরে সৃষ্ট পরিস্থিতিকে সরকারসমর্থিত ‘মব-কালচারের’ আনুষ্ঠানিক সূচনা বলে মন্তব্য করেছেন শফিকুর রহমান। বুধবার কেন্দ্রীয় ব্যাংকে ঘটে যাওয়া ঘটনার পর তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বৃহস্পতিবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতে ইসলামীর এই আমির বলেন, বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য।
বুধবার দিনভর উত্তেজনা ও বিক্ষোভের পর গভর্নরের পদ থেকে সরে দাঁড়ান আহসান এইচ মনসুর। একই দিন সরকার মো. মোস্তাকুর রহমান-কে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়। বিক্ষোভ চলাকালে আহসান এইচ মনসুরের এক উপদেষ্টাকে কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটে, যা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।
শফিকুর রহমান বলেন, গভর্নর ও তাঁর উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের অপমান করার অধিকার কারও নেই। তাঁর ভাষ্য, দেশের অর্থনীতি ইতোমধ্যে নানা সংকটে রয়েছে—দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের প্রভাবের মধ্যে এমন পরিস্থিতি অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ফেলতে পারে।
তিনি মনে করেন, এ ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে দলমত–নির্বিশেষে প্রতিবাদ হওয়া উচিত। পাশাপাশি সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা বন্ধ করতে হবে এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগে দলীয় বিবেচনার বদলে যোগ্যতাকে অগ্রাধিকার দিতে হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!