‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এ স্লোগানে আজ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিবসটি উপলক্ষে রাজধানীর আবাহনী মাঠ–এ কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে দলটি।
দলটির নেতারা জানান, ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি এনসিপির আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠার পর থেকে রাষ্ট্র সংস্কার ও জুলাইয়ের সহিংস ঘটনায় হতাহতের বিচারের দাবিতে দলটি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় জোটে যুক্ত হয়ে ৩০টি আসনে প্রার্থী দেয় এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করায় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে দলটি।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি তুলে ধরে উদ্যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, দিবসটি উপলক্ষে গণ–অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আয়োজন করা হয়েছে ইফতার মাহফিল।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেল চারটা থেকে ধানমন্ডির আবাহনী মাঠে অনুষ্ঠান শুরু হবে। সেখানে থাকবে চিত্রপ্রদর্শনী, এক বছরে দলটির রাজনৈতিক পথচলার ধারাবাহিক উপস্থাপনা ‘স্ট্রিট ওয়াল’ এবং ফটো বুথ।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী ও ১১ মার্চ রংপুরে বিভাগীয় ইফতার আয়োজনের ঘোষণা দিয়েছে দলটি। ৩ মার্চ কুমিল্লাতেও পৃথক ইফতার কর্মসূচি থাকবে বলে জানানো হয়। এসব আয়োজনে এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!