নরসিংদীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজনৈতিক প্রশ্রয়কে দায়ী করে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নরসিংদীর মাধবদী থানার মহিষাসুর ইউনিয়নে এক কিশোরীকে প্রথমে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে ‘বিচার’–এর নামে তাঁকে এলাকা ছাড়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরবর্তীতে একই চক্র শিশুটিকে তাঁর বাবার কাছ থেকে তুলে নিয়ে আবারও সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ঘটনাটি লোমহর্ষক এবং বর্বরতার সীমা অতিক্রম করেছে। এতে রাজনৈতিক দুর্বৃত্তায়নের স্পষ্ট প্রভাব রয়েছে বলেও দাবি করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পর্যায়ের এক রাজনৈতিক নেতার ছত্রচ্ছায়ায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে দলটি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–কে উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়, স্থানীয় পর্যায়ে কমিটি পুনর্গঠন করে অপরাধপ্রবণ ব্যক্তিদের বাদ দিতে হবে। অন্যথায় এর দায় দলকেও নিতে হবে বলে মন্তব্য করেন মুখপাত্র।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!